
সংবাদ প্রতিবেদন:
গরম, শীত বা বর্ষা—সব ঋতুতেই বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে ভোক্তাদের অভিযোগ নতুন নয়। বিশেষ করে মাস শেষে বিল পরিশোধ করতে গিয়ে পকেটে টান পড়ে গেলে বিরক্তি বেড়ে যায়। অনেক সময় ধারণার তুলনায় বিল বেশি এলে চিন্তায় পড়েন গ্রাহকরা। গরমকালে এসি ও ফ্যানের ব্যবহার বৃদ্ধির কারণে বিল বেশি আসা স্বাভাবিক হলেও বছরের অন্যান্য সময়ও অনেকেরই মনে হয়, ব্যবহার না করেও বিল অস্বাভাবিক আসছে।
বিদ্যুৎ বিল সাশ্রয়ে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো:
পুরোনো বাল্ব পরিবর্তন: বাসায় পুরোনো বাল্ব বা টিউব লাইট থাকলে সেগুলো বদলে সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করুন। এগুলো তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে।
সঠিক সময় সুইচ বন্ধ: মোবাইল, চার্জার, ট্রিমারসহ অন্যান্য ডিভাইস চার্জ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সুইচ বন্ধ করুন, না হলে ইন্ডিকেটরের আলো থেকেও বিদ্যুৎ খরচ হয়।
ফ্রিজের বিরতি: ফ্রিজ সারাদিন চালানো জরুরি নয়। মাঝে মাঝে এক-দুই ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ কমবে।
এসি সুইচ বন্ধ: রিমোটে এসি বন্ধ করলেও বোর্ডের সুইচ চালু থাকলে কিছুটা বিদ্যুৎ খরচ হয়। তাই ব্যবহার শেষে সুইচও বন্ধ করুন।
স্টার রেটিং দেখে যন্ত্র কেনা: নতুন ইলেকট্রনিক্স কেনার সময় ফাইভ স্টার রেটিং ও গ্রাহক রিভিউ দেখে কিনুন। নিম্নমানের যন্ত্র বিদ্যুৎ খরচ বাড়ায়।
ফ্যানের রেগুলেটর ঠিকভাবে ব্যবহার: আধুনিক ইলেকট্রনিক রেগুলেটর দিয়ে ফ্যানের গতি কমালে বিদ্যুৎ সাশ্রয় হয়।
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে এসব অভ্যাস গড়ে তুললে শুধু বিদ্যুৎ বিলই নয়, জ্বালানি অপচয়ও উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।