
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক হয়েছেন। ফোর্বস বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫১০ দশমিক ১ বিলিয়ন ডলার।
টেসলা ও স্পেসএক্সের শেয়ারের ধারাবাহিক ঊর্ধ্বগতিই এই রেকর্ড গড়ার মূল কারণ। বিশেষ করে টেসলার শেয়ারের দামে চলতি বছরে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি মাস্কের সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এক্সএআই-এর বাজারমূল্যও তার সম্পদকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ধনকুবেরদের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন ওরাকল প্রধান ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার। এর আগে গত মাসে ওরাকলের শেয়ারের দাম হঠাৎ ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তিনি সাময়িকভাবে মাস্ককে পেছনে ফেলেছিলেন। এদিকে ২৪৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।