
নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশেই ওয়েবসাইট থেকে প্রতীকটি সরানো হয়েছে।
এর আগে ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ প্রতীক এখনো বাতিল হয়নি এবং শাপলা প্রতীকও তালিকাভুক্ত করা হয়নি।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি লিখেছেন— অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো? গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো।
আজ সকালে ইসি ওয়েবসাইটে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় আওয়ামী লীগের নাম থাকলেও প্রতীকের স্থানে কোনো চিহ্ন দেখা যায়নি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি।
/সম্পাদক, এইচ নিউজ