
আশুলিয়ার বাইপাইলে অনুভূত ভূমিকম্পের পর আবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর এই কম্পন অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছেন, বাইপাইলে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশে এবং এটি শুক্রবারের মাধবদীতে অনুভূত কম্পনের আফটার শক। আফটার শক ১০-২০ কিলোমিটার দূরেও অনুভূত হতে পারে।
রুবায়েত কবির আরও বলেন, “গত ১০০ বছরে ঢাকায় এমন ভূমিকম্প হয়নি। আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি।”
গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে ১০ জনের প্রাণহানি এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে।