ঢাবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক সন্তানের নাম রেখেছেন ওসমান হাদি

image 199

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির নামে সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে হাদির নামে সন্তানের নাম ঘোষণা করেন। পোস্টে হাদির সঙ্গে কথপোকথনের স্ক্রিনশট ও সন্তানের ছবি যুক্ত করা হয়।

তাওসিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। ৫ ডিসেম্বর আমার সন্তানের জন্য নাম জানতে হাদি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম। সম্ভবত ব্যস্ততার কারণে তিনি তখন নাম সাজেস্ট করতে পারেননি।”

তিনি আরও জানান, “হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। ভাইয়ের প্রতি সম্মান ও ভালোবাসার প্রতিফলন হিসেবে আমি আমার সন্তানের নাম হাদি রেখেছি। প্রাথমিকভাবে সন্তানের নাম ছিল তাশরিফুল মাহতিন আয়ান, এখন পরিবর্তন করে রেখেছি মাহতিম ওসমান হাদি।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান।