নবগঠিত ডাকসুর প্রথম সভা, সিনেটে যোগ দিচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

image 61

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে। উপাচার্যের অফিসসংলগ্ন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধি মনোনীত হয়েছেন। তারা হলেন— ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট পাওয়া সদস্য সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

ভিপি সাদিক কায়েম বলেন, “আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এর আগে শনিবার জিএস এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সভার ঘোষণা দেওয়া হয়েছিল।