ডাকসুর জয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রশিবির

web 5

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এ বিজয় উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অর্জন করেছেন।

যারা বিভিন্ন প্যানেল থেকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তায়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে অর্পিত দায়িত্বের আমানত নির্বাচিত প্রতিনিধিদের যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন। আমীন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে ছাত্রশিবিরের পক্ষ থেকে নিচের কর্মসূচি বাস্তবায়ন করা হবে:

১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) আয়োজন।
২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।

শিবির সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ছাত্রশিবিরের সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‍্যালি আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ করছি। রাব্বে কারিম, আমাদের সব তৎপরতা তাঁর দ্বীনের জন্য কবুল করুন। আমীন।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ঘোষণা করেন। এতে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান।