
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের মাধ্যমে সরকার দেশকে আবারও ‘গুমের স্বর্গরাজ্যে’ পরিণত করতে চায় কিনা—এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ–২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ–২০২৫’ ল্যাপস বা তামাদি (বাতিল) করার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যাদের সন্তান বা স্বজন অতীতে গুমের শিকার হয়েছেন—তাদের জন্য বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। তার দাবি, গুমের শিকারদের একটি বড় অংশ বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট হলেও এখন সেই দলই গুম প্রতিরোধ ও প্রতিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং মানবাধিকার কমিশন গঠনের অধ্যাদেশ বাতিলের পথে হাঁটছে।
তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট দলকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তারা কি দেশকে আবারও গুমের নিরাপদ আশ্রয়ে পরিণত করতে চায়, কিংবা অতীতে বা ভবিষ্যতে গুমের সঙ্গে জড়িতদের সুরক্ষা দিতে চায়—এ প্রশ্নও তোলেন তিনি।
পোস্টের শেষ অংশে আসিফ মাহমুদ উল্লেখ করেন, গত কয়েক বছরে গুমের ঘটনা নিয়ে সক্রিয় থাকা মানবাধিকার কর্মীদের নীরবতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।