টঙ্গী ময়দানে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা স্থগিতের নির্দেশ

image 261

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাবলীগ জামাতের জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজন না করার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওই সময়সূচিতে টঙ্গী ময়দানে কোনো ধরনের সমাবেশ বা কর্মসূচি আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’, ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ যেকোনো ধরনের সমাবেশ থেকে বিরত থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।