
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) অভিযোগ করেছেন যে, তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজের ফেসবুক পেজে এই হুমকির স্ক্রিনশটগুলো শেয়ার করেছেন। স্ক্রিনশটগুলোতে দেখা গেছে, বিভিন্ন অজানা নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।
পোস্টে শেহরীন লিখেছেন, “১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।” তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে প্রশ্ন তুলেছেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”
শেষে তিনি উল্লেখ করেছেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকে প্রস্তুত আছি।”
এর আগে, ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে মোনামি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছিলেন।