দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হলেও দ্রুত স্বাভাবিক হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

image 34

সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আসন্ন নির্বাচনের জন্য আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে, এটা সত্য। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করতে।”

রাজবাড়ীর ঘটনাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখার প্রশ্নে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।

ঘটনার সময় দায়িত্বরত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) উপস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব হবে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, তদন্ত শেষে কার গাফিলতি ছিল তা পরিষ্কার হবে। আগে থেকেই কাউকে সরালে তদন্তের গুরুত্ব কমে যেতে পারে। তবে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক গণপিটুনির ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “না, আমরা ব্যর্থ নই। মূল সমস্যা অসহিষ্ণুতা। যারা এসব ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সবাইকে ধৈর্য ধরতে অনুরোধ করছি।”

আসন্ন নির্বাচন ঘিরে এই পরিস্থিতি জনগণের অংশগ্রহণে নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “জনগণ নির্বাচনের প্রতি মনোযোগী হলে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না। ভোটকেন্দ্রে যেতে তাদের প্রতিহত করার ক্ষমতা কারও নেই।”