
ময়মনসিংহের গৌরীপুরের পরিচিত কনটেন্ট নির্মাতা আল-আমিন (৪০) নতুন ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
গত ২৮ নভেম্বর সকালে দাড়িয়াপুর ইটখলা মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে নতুন কনটেন্ট শুট করছিলেন তিনি। ধারণা ছিল—চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে গোসল করার অভিনয় করবেন, যা ভিডিওর মূল আকর্ষণ হবে।
কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি পেট্রোল ঢেলে ফেলায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তেই বড় আগুনে চারদিক ঘিরে ফেলে তাকে, এবং তার শরীরের বড় অংশ দগ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে সহকারীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
সহকারীদের বরাত দিয়ে জানা গেছে, তার শরীরের ৩৫–৪০ শতাংশ পুড়েছে এবং তাকে এখনো সংকটাপন্ন অবস্থায় রাখা হয়েছে।