হোস্টেল সংসদ নির্বাচনে এগিয়ে ছাত্রদল

image 360

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের অংশ হিসেবে শিল্পী রশিদ হোস্টেলের ফলাফল প্রকাশিত হয়েছে। ঘোষিত ফলে দেখা গেছে, ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রদল–মনোনীত প্যানেল।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হোস্টেলটিতে মোট ভোটার ছিলেন ১৫৬ জন, যার মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে।

ঘোষিত ফলাফলে ভিপি (সভাপতি) পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, আর সম্প্রীতির জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

জিএস (সাধারণ সম্পাদক) পদে সম্প্রীতির প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট, এবং সুদর্শন চাকমা ২৯ ভোট পান।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের তৌফিক সর্বাধিক ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এছাড়া শিল্পী রশিদ হোস্টেল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সহসভাপতি পদে খন্দকার মাসরুল আল ফাহিম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আফসার সরকার, ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক পদে সুকুমার রায়, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক পদে আশিক বাবু, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে জামিল হোসেন এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে তুষার দে নির্বাচিত হয়েছেন।