আমাদের মধ্যেই পরিবর্তন সম্ভব: আবিদুল

image 274

ছাত্রদল নেতা ও ডাকসুর ছাত্রদল প্যানেল থেকে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেছেন, পরিবর্তনের সময় এসেছে এবং সেটি সম্ভব আমাদের হাতেই। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আবিদুল ইসলাম বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ দিন। জাতির জন্য নির্যাতিত, নিপীড়িত, নিজের ভাইকে হারানো এবং মা অসুস্থ রেখে দেশকে দায়িত্বশীলভাবে নেতৃত্ব দেওয়ার পথ চলা আমাদের পরম শ্রদ্ধাভাজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। সবার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাই।”

তিনি তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, “যখন রাষ্ট্রের অর্থনীতিতে তরুণদের বড় ভূমিকা থাকে, তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলা হয়। বাংলাদেশ দীর্ঘদিনের দুঃশাসনের কারণে ডেমোগ্রাফিক বার্ডেনে পরিণত হয়েছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আলোকে বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে তরুণরা যথাযথ সুযোগ সুবিধা পাবে এবং রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।”

আবিদুল আরও বলেন, “পরিবর্তনের সময় এসেছে। আমরা যাদের হাতে কর্মসূচি ও এজেন্ডা আছে, তাদেরকেই বেছে নেব। রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে সব প্রয়োজনীয় বিষয়গুলো উন্মুক্ত করেছেন তারেক রহমান। ইনশাল্লাহ, আমাদের হাতে এজেন্ডা আছে এবং পরিবর্তন আমাদের হাতেই সম্ভব।”