
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কবজি কাটার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কর্মী মো. ফারুক উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ফারুক হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের পশ্চিম রসুলপুর গ্রামের বাসিন্দা ও মো. আবু তাহেরের ছেলে। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তিনি ধরা পড়েন।
পুলিশ জানায়, গত ২৮ মে রাত ১১টার দিকে হাতিয়া বাজার এলাকায় নবীর উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন ফারুক। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি নবীর ডান হাতের কবজি কেটে দেন। এতে তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা তৈরি হয়।
ভুক্তভোগীর ছেলে মো. আবু ছায়েদ জানান, ঈদুল আজহার পশুর হাটে দোকানের সামনে গরু বিক্রির জায়গা দেওয়াকে কেন্দ্র করে ফারুক তার বাবার কাছে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তিনি সঙ্গীদের নিয়ে হামলা চালান।
ঘটনার পর মামলা দায়ের করা হলে ফারুক প্রায় তিন মাস ধরে পলাতক ছিলেন। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, “ফারুক বিএনপি করে, তবে কোনো পদে নেই। ঘটনাটিতে ইজারাদারেরও কিছু দায় রয়েছে। তারপরও আমরা চাই ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাক।”
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা জানান, আদালত ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।