
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি ফুলবাড়িয়ার ৭ নম্বর ইউনিয়নের কৈয়ার চলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাজু মিয়া।
ঘটনাটি ঘটে সোমবার রাত ৩টার দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত প্রায় ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় পৌঁছায়। তখন বাসটি তেল নিতে একটি পেট্রোল পাম্পের সামনে থামে এবং যাত্রীরা নেমে যান। তবে চালক জুলহাস মিয়া বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। সেই সময় তিনজন দুর্বৃত্ত হঠাৎ এসে বাসে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ওসি আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।