২০২০ সালে বুয়েটের সতর্কতা, আজও অবহেলায় দূর্ঘটনার ঝুঁকি

image 533

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ২০২০ সালের সতর্কবার্তা উপেক্ষিত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

তদন্তে জানা যায়, উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে ২০২০ সাল থেকেই প্রশ্ন উঠেছিল। বুয়েটের পরীক্ষায় দেখা যায়, উত্তরা-আগারগাঁও অংশের জন্য আমদানি করা কিছু প্যাড মানহীন ছিল। বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি এই প্যাড পিয়ার ও উড়ালপথের সংযোগস্থলে বসানো হয়, যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি মানহীন প্যাড সরবরাহ করায় নতুন প্যাড আমদানি করতে হয়েছে এবং প্রকল্পের সময়সূচিতে বিলম্ব ঘটে। ২০২০ সালের জানুয়ারিতে বিষয়টি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের পরীক্ষায় একাধিক প্যাডকে মানহীন ঘোষণা করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সভাতেও বিষয়টি আলোচনায় আসে। প্রকৌশলীরা বলেন, বিয়ারিং প্যাড অনেকটা কুশনের মতো কাজ করে; এটি যানবাহনের চাপ সমানভাবে ছড়িয়ে দেয়, ঝাঁকুনি কমায় এবং কাঠামো দীর্ঘস্থায়ী রাখে।

ড. সামছুল হক, বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালট্যান্টসের পরিচালক, বলেন, ‘বিয়ারিং প্যাডের মান খারাপ হলে কাঠামোগত ত্রুটি দেখা দিতে পারে, চলাচলের সময় ঝাঁকুনি অনুভূত হবে এবং পিয়ারের ভিত্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা জানান, ‘বুয়েট কিছু প্যাডকে মানহীন বললেও অন্যান্য পরীক্ষায় সেগুলো মানসম্মত পাওয়া গিয়েছিল। তবুও নিরাপত্তার স্বার্থে সেগুলো পরিবর্তন করা হয়েছে।’

তবে অভিযোগ রয়েছে, গত বছরের সেপ্টেম্বরে একটি বিয়ারিং প্যাড খুলে যাওয়ার পরও অদৃশ্য কারণে ত্রুটিপূর্ণ প্যাডই ব্যবহার করা হয়। তখন পর্যন্ত পিয়ার–ভায়াডাক্ট সংযোগস্থলে প্রায় আট কিলোমিটার উড়ালপথ স্থাপন করা হয়ে গেছে, কিন্তু পরে সেগুলো পরিবর্তন করা হয়নি।