
কুমিল্লার হোমনায় বজ্রপাতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নালা দক্ষিণ এলাকার মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩০) ও জাকিয়া আক্তার (২৫), এবং খোদা দাউদপুর এলাকার মো. রাশেদ (২২)। রাশেদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় কুমার দেবনাথ ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উজানচর-ঘাগুটিয়া খেয়াঘাটে নদী পারাপারের অপেক্ষায় ছিলেন কয়েকজন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হলে তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় এবং আহত অবস্থায় শিক্ষার্থী রাশেদকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।