বগুড়ায় ছাত্রলীগ নেতা আলিফ গ্রেপ্তার

image 152

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আহনাফ তাহমীদ আলিফ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আলিফ আদমদীঘি পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী ককটেল, পেট্রল ও ধারালো অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।

ঘটনার পর ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে নাশকতা মামলা দায়ের করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মোস্তাফিজুর রহমান জানান, আলিফকে ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।