জামায়াতের পরওয়ারের মাঠে বিএনপির লবী

image 113

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের তৎপরতায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। সবচেয়ে আলোচনায় রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে, বিএনপি প্রার্থী ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবীও মাঠে সক্রিয় রয়েছেন। দুজনের তৃণমূল তৎপরতায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এ আসনে।

২০০১ সালে বিএনপি–জামায়াত জোটের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মিয়া গোলাম পরওয়ার। পরবর্তী চারটি নির্বাচনে (২০০৮, ২০১৪, ২০১৮, ২০২৪) আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ জয় পান। বর্তমানে পরওয়ার আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘ কারাজীবন ও মামলার বেড়াজাল পেরিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, করছেন গণসংযোগ ও জনসভা। ডুমুরিয়া ও ফুলতলায় তার একাধিক বড় সমাবেশে ছিল চোখে পড়ার মতো উপস্থিতি, এমনকি হিন্দু সম্প্রদায়ের জন্যও তিনি আলাদা জনসভা করেছেন।

পরওয়ার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে জনগণ আমাদের সঙ্গে আছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ফুলতলা ও ডুমুরিয়ায় প্রায় ৩৫০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। এবারও দুর্নীতি, দখল ও বেকারত্বমুক্ত একটি সমৃদ্ধ জনপদ গড়তে চাই।”

অন্যদিকে, বিএনপির প্রার্থী আলী আসগর লবী, যিনি একসময় খুলনা-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তিনি আবার মাঠে সক্রিয় হন। জুন থেকে খুলনা-৫ আসনে প্রতিদিনই সভা-সমাবেশ, গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লবী বলেন, “প্রতিপক্ষ কে, সেটা আমার ভাবনা নয়। আমি আমার এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই—বিশেষ করে জলাবদ্ধতা, সড়ক উন্নয়ন ও শিক্ষা খাতকে গুরুত্ব দিচ্ছি।”

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে মাওলানা মুফতি আব্দুস সালাম। তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক রাজনীতি ও কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।” খেলাফত মজলিসের মুফতি কাইয়ুম জমাদ্দারও নিজ প্রতীকে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খুলনা-৫ আসনে মূল লড়াই হবে জামায়াতের মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির আলী আসগর লবীর মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দের ভোট এখন ভাসমান অবস্থায়, যা যিনি ধরতে পারবেন, তিনিই এগিয়ে যাবেন।

ডুমুরিয়ার ১৪ ও ফুলতলার ৪টি ইউনিয়ন এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত খুলনা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৭০৩ জন। এর মধ্যে ডুমুরিয়ায় ২ লাখ ৬৯ হাজার ৪৮১ ও ফুলতলায় ১ লাখ ১৩ হাজার ৭৮৮ জন ভোটার। হিন্দু ভোটারের সংখ্যা প্রায় ৮৫ হাজার। ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথ ৭৮২টি।