
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর কাছে গিয়ে দোয়া নিয়েছেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী ও সরওয়ার আলমগীর।
হুম্মাম কাদের চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী। অন্যদিকে, সরওয়ার আলমগীর উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী।
গত শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভার সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে দোয়া নেন তারা। প্রয়াত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদেরকে দোয়া করতে দেখা যায় হেফাজত আমিরকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হেফাজত আমির খাটে বসে আছেন, আর নিচে বসে দোয়ার অনুরোধ করছেন হুম্মাম কাদের। দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলাপও হয়। এ সময় উপস্থিত ছিলেন সরওয়ার আলমগীর, শিল্পপতি ওমর আনসারীসহ বিএনপি ও হেফাজতের আরও কয়েকজন নেতা।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমুদুল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী ও খেলাফত মজলিসের নেতা আশরাফ বিন ইয়াকুব।
ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর জানান, “বাবুনগর মাদ্রাসার বার্ষিক সভার সমাপনী দিনে আমরা জুমার নামাজ পড়তে যাই। হাজারো মুসল্লির সঙ্গে আমরাও নামাজ আদায় করি। পরে হেফাজতের আমির আল্লামা বাবুনগরী সাহেবের সঙ্গে দেখা করে সালাম জানাই। তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেন এবং মন খুলে আমাদের জন্য দোয়া করেন। একজন বড় আলেমের কাছ থেকে দোয়া পাওয়ার চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে!”