
বিএনপির আসনভিত্তিক প্রার্থী চূড়ান্তের পথে, ঐক্যবদ্ধ প্রচারে নামার নির্দেশ
চলতি মাসেই অন্তত ২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত — এনসিপি নেতাদের আসনে প্রার্থী দেবে না বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলের হাইকমান্ড ইতোমধ্যে কয়েকটি আসনের প্রার্থীকে ফোনে নির্বাচনি প্রচারণায় নামার নির্দেশ দিয়েছে। তারা মাঠে নেমেও পড়েছেন। চলতি মাসেই অন্তত ২৫০টি আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়ার প্রক্রিয়া চলছে। তফসিল ঘোষণার পর এসব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এবারের মনোনয়ন প্রক্রিয়ায় ঐক্য ও প্রার্থীদের পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। তবে এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনীত করবে না। একইভাবে মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল গ্রহণ করা হচ্ছে।
প্রায় প্রতিদিনই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে। সেখানে ভোটারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীর পক্ষে কাজের নির্দেশনা দেওয়া হচ্ছে। ত্যাগী নেতাদের মূল্যায়নের আশ্বাস দেওয়া হলেও, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবার মাগুরা, চট্টগ্রাম ও সুনামগঞ্জের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন দলের শীর্ষ নেতারা। এর আগে সিলেট বিভাগের চার জেলার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। ঢাকা বাদে অন্যান্য বিভাগে এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, “এবার তরুণ প্রজন্মকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তারা মাঠে সক্রিয় এবং পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত। নারীরাও যথাযথ গুরুত্ব পাবে।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এলাকায় সর্বাধিক গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। “প্রত্যেক আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী আছেন। আমরা যাচাই করছি কে জনগণের কাছে বেশি গ্রহণযোগ্য,” বলেন তিনি।