তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

সাধারণ নির্বাচনে বড় জয় পাওয়ার পর তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে, এবং আমন্ত্রিতদের তালিকায় ভারতের প্রধানমন্ত্রীও থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হলে এবং তা গ্রহণ করা হলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদির উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। তবে শপথগ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

খবরে আরও বলা হয়, আঞ্চলিক টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যেই বিএনপি কাজ করছে।

এর আগে নির্বাচনে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলেন বলেও জানান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে। পাশাপাশি তিনি বলেন, প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ ও দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।