বেন্নু গ্রহাণু থেকে পাওয়া নমুনায় জীবনের ‘ভিত্তি গঠনকারী উপাদান’ আবিষ্কৃত

download 3 2

ইফতেখার হোসাইন ,প্রতিবেদক :

নাসা ও আন্তর্জাতিক গবেষকদের একটি দল বেন্নু নামক গ্রহাণু থেকে সংগৃহীত নমুনায় এমন জৈব যৌগ ও খনিজ পদার্থ আবিষ্কার করেছেন যা জীবনের জন্য অপরিহার্য। এই আবিষ্কার মহাশূন্যে গ্রহাণুগুলো জীবনের ভিত্তি গঠনকারী উপাদান পৃথিবীতে পৌঁছে দিয়েছিল বলে ধারণা দৃঢ় করছে।

গবেষণায় দেখা গেছে, বেন্নুর নমুনায় পানি, কার্বন, নাইট্রোজেন এবং অন্যান্য জৈব পদার্থ রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যামিনো অ্যাসিড ও ডিএনএ উপাদানসমূহের উপস্থিতি। নাসার বিজ্ঞানী ড. ড্যানিয়েল পি. গ্ল্যাভিন জানিয়েছেন, গ্রহাণুটি মহাকাশে এক ধরনের ‘জায়ান্ট কেমিক্যাল ফ্যাক্টরি’ হিসেবে কাজ করত এবং পৃথিবীতে জীবনের উপাদান সরবরাহ করেছিল।

প্রথমবারের মতো পাওয়া গুরুত্বপূর্ণ খনিজ

নাসার এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বেন্নুর নমুনায় এমন কিছু খনিজ পদার্থ পাওয়া গেছে যা আগে কোনো গ্রহাণু থেকে পাওয়া যায়নি। এতে রয়েছে সোডিয়াম ফসফেট, কার্বোনেট, সালফেট ও ফ্লুরাইডের মতো উপাদান।

ড. টিম ম্যাককয়, স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের বিজ্ঞানী, বলেছেন, এই আবিষ্কার মহাকাশে প্রাণের সম্ভাবনার ধারণাকে নতুন মাত্রা দিয়েছে।

জীবনের রাসায়নিক পথ তৈরির প্রমাণ

গবেষকদের মতে, বেন্নুর মূল গ্রহাণুতে একসময় পানি প্রবাহিত হতো যা বিভিন্ন খনিজ ও জৈব যৌগ তৈরির সুযোগ সৃষ্টি করেছিল। এতে প্রমাণিত হয় যে মহাশূন্যের অন্য অংশেও জটিল রাসায়নিক প্রক্রিয়া চলতে পারে যা জীবনের ভিত্তি গঠন করতে পারে।

ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা

নাসার ডার্ট মিশনের সফলতা গ্রহাণু প্রতিরোধ প্রযুক্তি পরীক্ষা করলেও এই আবিষ্কার মহাকাশে আরও অনুসন্ধান চালানোর প্রয়োজনীয়তা প্রকাশ করছে। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতের মিশনে এ ধরনের নতুন তথ্য পাওয়া যাবে যা পৃথিবীতে ও অন্য গ্রহে প্রাণের উৎপত্তি নিয়ে আরও পরিষ্কার ধারণা দেবে।

/হ্যাভেন টিভি ডট প্রেস