
রিটার্ন টিকিট না কেটেই দেশ ছাড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার একদিন পরই মধ্যরাতে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার (গতকাল) গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।
এর আগে রোববার বিকেল থেকেই বুলবুলের দেশত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়। একাধিক গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেগুলোকে ‘মিথ্যা’ বলে দাবি করেন বিসিবি সভাপতি। তিনি বলেছিলেন, দেশ ছাড়ার কোনো পরিকল্পনাই তাঁর নেই এবং বিসিবিতে কাজের চাপের কারণে আপাতত কোথাও যাওয়ার সুযোগও নেই।
তবে শুরুতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতেই দেশ ছাড়েন তিনি। দেশীয় সংবাদমাধ্যম ডেইলি সান বিমানবন্দর সূত্রের বরাতে জানিয়েছে, বুলবুল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় শিগগির তাঁর দেশে ফেরার সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দেশের ক্রিকেটাঙ্গন একাধিক সংকটে টালমাটাল। বিশ্বকাপ ইস্যুতে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আইসিসি।
এ ছাড়া সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যেই পরশু পদত্যাগ করেছেন বোর্ডের আরেক পরিচালক। আরও দুজন পরিচালক শিগগির পদত্যাগপত্র জমা দিতে পারেন—এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেটাঙ্গনের অস্থির পরিস্থিতির মধ্যেই বিসিবি সভাপতির দেশ ছাড়ার বিষয়টি নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে।
উল্লেখ্য, রোববার স্টার নিউজের সঙ্গে ফোনালাপে বুলবুল বলেছিলেন,
“আমি সারাদিন আজ অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালও কাজ করব। এখন অনেক কাজের চাপ। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।”
তিনি আরও বলেন,
“আমি জানি না, কোত্থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার ক্রেডিবিলিটি ক্ষতিগ্রস্ত করে।”
কিন্তু এসব বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন বিসিবি সভাপতি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান। তবে এবার কবে ফিরবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি সংশ্লিষ্ট সূত্র।
ডেইলি সান আরও জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর বিসিবিতে নিজের অবস্থান অনিশ্চিত থাকায় বুলবুলের দ্রুত দেশে ফেরার সম্ভাবনা খুবই কম।