
নিরাপত্তাজনিত শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় সৃষ্ট ফাঁকা সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের খেলার ধারাবাহিকতায় রাখতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩১ জানুয়ারি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ শীর্ষক এই বিশেষ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও সূচি প্রকাশ করা হয়। দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি।
এই টুর্নামেন্টে তিনটি দল অংশ নেবে। দলগুলো হলো ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে।
কোচিং প্যানেলেও অভিজ্ঞতার ছাপ রেখেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচের দায়িত্বে থাকবেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচিং স্টাফে রয়েছেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান। অন্যদিকে দুরন্ত একাদশের কোচিং প্যানেল সামলাবেন হান্নান সরকার ও রাজিন সালেহ আলম।
বিসিবি জানিয়েছে, এই টুর্নামেন্টের জন্য মোট আড়াই কোটি টাকার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। আধুনিক ক্রিকেটের উত্তেজনা বাড়াতে প্রতিযোগিতায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম যুক্ত করা হয়েছে। দর্শকদের মাঠে উপস্থিতি বাড়াতে টিকিটের দাম রাখা হয়েছে তুলনামূলকভাবে সহনীয়। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দার্ন গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
এ ছাড়া প্রতিটি ম্যাচের দিন বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মূল খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।