
সরকারি চাকরিজীবীরা নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করেছেন। তারা হুশিয়ারি দিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন।
তবে এতো কম সময়ে পে-স্কেল ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণার সম্ভাবনা নেই। আমরা কাজ করছি।”
বুধবার (১০ ডিসেম্বর) পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, “দেশে দরিদ্রতা বাড়ছে। এর কারণের মধ্যে অন্যতম হলো ভালো প্রজেক্ট সঠিকভাবে বাস্তবায়ন না হওয়া। আইনের দুর্বলতা, দুর্নীতি এবং জটিল সিস্টেমও সমস্যা সৃষ্টি করছে।”
উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়ে তিনি বলেন, “ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো। বিশেষ করে নারীরা উদ্যমী ও হিসাবী। তারা পরিবার ও কল্যাণে খরচ বেশি করে, তাই তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।”
শহরে প্রপার্টি বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শহর দরকার, তবে গ্রাম আরও চমৎকার ও আকর্ষণীয় করতে হবে। এসডিএফের ভূমিকা আরও বলিষ্ঠ হওয়া উচিত এবং সুবিধাভোগী বাড়ানো দরকার। দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখতে হবে।”
উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়। কমিশনের হাতে এখন পর্যন্ত সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।