
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই পক্ষ দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত ও জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদানের সুযোগ আরও বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেছেন। প্রফেসর ইউনূস স্মরণ করেন, গত বছরের শেষের দিকে কপ-২৯ শীর্ষ সম্মেলনে বাকুতে তার বহু সফর এবং রাষ্ট্রপতি আলিয়েভের সঙ্গে তার সাক্ষাতের কথা। তিনি বাংলাদেশের সঙ্গে আজারবাইজানের বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা লেইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতি আলিয়েভের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বন্যপ্রাণী সংরক্ষণসহ পরিবেশ খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এটি ছিল আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের বাংলাদেশে প্রথম সফর। তারা ঢাকায় অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তায় নিয়োজিত একটি স্থানীয় প্রতিষ্ঠানও পরিদর্শন করেছেন। বৈঠকে তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ-সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি জানান, আসন্ন নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলার প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।