আ.লীগ ৪টি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে: মঈন খান

image 127

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্রকে বিদায় জানিয়েছে।

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশ বা দেশের মানুষকে ভালোবাসেনি, তারা ভালোবেসেছে শুধু অর্থকে। তাই রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পালিয়েছে। জনগণকে ভালোবাসলে চোরের মতো দেশ ছেড়ে পালাতে হতো না।”

গত শুক্রবার নরসিংদীর পলাশে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মঈন খান অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে দেশের কাজে না লাগিয়ে লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। তাই আজ দেশের মানুষ ভালো নেই।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, “গত ৩৫ বছর ধরে বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য কাজ করছে। ভবিষ্যতেও সুযোগ পেলে জনগণের স্বার্থে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, “একটি সরকার যখন দেশের অর্থ লুট করে পালায়, তখন দেশকে নতুন করে ভাবতে হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদের বিজয়ী করে সংসদে পাঠায়, আমরা পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করব।”