আওয়ামী সময়ের স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার

image 52

রাজধানীর গুলশান থেকে বহুল আলোচিত স্বাস্থ্যখাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গুলশানের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা মিঠুর বিরুদ্ধে স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে টেন্ডার জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ নানামুখী অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারের পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর একদিন আগে, বুধবার (৯ সেপ্টেম্বর), দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, মিঠুর মালিকানাধীন লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। এর মধ্যে কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়িসহ স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকা। গাড়ি, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক হিসাব, শেয়ার ও বিনিয়োগ মিলিয়ে অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৫৭ কোটি ৪৪ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া তার পরিবারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৭১ কোটি ৪৫ লাখ টাকা। ফলে সম্পদ ও ব্যয়ের অঙ্ক মিলে দাঁড়ায় প্রায় ১৪৭ কোটি টাকা।

দুদকের হিসাবে, বৈধ আয় সূত্র থেকে মিঠুর অর্জনযোগ্য আয় মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা, যা প্রকৃত ব্যয় ও সম্পদের তুলনায় বহুগুণ কম।

ডিবির দাবি, মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের অন্যতম প্রধান চালক ছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে।