
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক বড় চুরি কাণ্ডে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তারা একটি সুপারমার্কেট থেকে এক কোটি অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৯ কোটি টাকার বেশি) মূল্যের জিনিসপত্র চুরি করেছে। চুরি করা সামগ্রীর মধ্যে রয়েছে গুঁড়া দুধ, ওষুধ, ভিটামিন, প্রসাধনী ও টয়লেট্রিজ।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সিন্ডিকেটের বেশিরভাগ সদস্যই ভারতীয় নাগরিক, যারা অস্থায়ী, স্টুডেন্ট বা ব্রিজিং ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছিল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, চুরির জিনিসপত্র শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং একটি সমন্বিত অপরাধ চক্রের মাধ্যমে রিসিভারদের কাছে পৌঁছে দেওয়া হতো।
অভিযান এখনও চলছে, এবং পুলিশ সাতজনকে মূল হোতা হিসেবে চিহ্নিত করেছে। ভিক্টোরিয়া পুলিশের ডিটেকটিভ অ্যাক্টিং ইন্সপেক্টর রাচেলে সিয়াভারেলা জানিয়েছেন, চুরি এখন অঙ্গরাজ্যে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর মধ্যে একটি। গত এক বছরে এ ধরনের ৪১,২৭০টি অপরাধ রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
রাচেলে বলেন, এটি সাম্প্রতিক সময়ে সংগঠিত চুরি মোকাবিলায় পুলিশের অন্যতম বড় অভিযান।