ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে স্কুল যাচ্ছিল আরাফাত, ট্রাক চাপায় নিহত

image 265

যশোরে বড় ভাইয়ের সঙ্গে বাইসাইকেলে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পাঁচ বছরের ইয়াছির আরাফাত শিষ নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটী বাবলাতলা দক্ষিণপাড়ার রিপনের বাড়ির সামনে।

নিহত আরাফাত শিষ ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। সে যশোর কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, সকালে আরাফাত বড় ভাইয়ের বাইসাইকেলে স্কুলে যাচ্ছিল। পথে সিমেন্টবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাদের ধাক্কা দিলে আরাফাত সড়কে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।