
শীতকালে ঘন কুয়াশা সড়কে এক ভয়াবহ বিপদসংকেত হয়ে ওঠে। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের বস্তুগুলোও স্পষ্ট দেখা যায় না। এতে সড়কপথ পরিণত হয় এক নীরব মৃত্যুফাঁদে।
এমন পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে বরগুনার আমতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় যুব সংগঠন ‘আমরা আমতলীবাসী’।
কর্মসূচির আওতায় পথচারী, যানবাহন চালক ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। লিফলেটে ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলা, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা, সহ-সভাপতি রেজাউল করিম, দপ্তর সম্পাদক আমিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমাইয়া শিলা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইদুর রহমান বলেন, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। মানুষ সচেতন হলেই এই প্রাণহানি কমানো সম্ভব। ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।