
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ভঙ্গুর যুদ্ধবিরতি ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরাইল ও সৌদি আরবকে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর শুক্রবার (৩০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।
ইসরাইলের জন্য ৩৮০ কোটি ডলার মূল্যের ৩০টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ১৮০ কোটি ডলার মূল্যের ‘জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল’ (আধুনিক সাঁজোয়া ও বহুমুখী হালকা সামরিক যান) কেনার অনুমোদন দেওয়া হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৭১,৬৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘ইসরাইলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলকে শক্তিশালী আত্মরক্ষামূলক সক্ষমতা গড়ে তুলতে সহায়তা দেওয়া আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’ যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠায়, যেগুলোর বেশিরভাগ বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়।
সৌদি আরবের জন্য ৯০০ বিলিয়ন ডলার মূল্যের ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই সরঞ্জাম সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং স্থানীয় মিত্রদের স্থল বাহিনীকে রক্ষা করবে এবং অঞ্চলজুড়ে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। তাদের মতে, এসব অস্ত্র গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর ক্ষেত্রে ইসরাইলের সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে ইরানের কাছে একটি বিশাল যুদ্ধজাহাজের বহর পাঠানোর কথা ঘোষণা করেছেন।
সূত্র: আল জাজিরা