
পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল্লামা সাঈদীর মেজো পুত্র শামীম সাঈদী বলেছেন, “যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ও আল্লাহকে ভয় করে, তারা পৃথিবীর কোনো বিপদকে ভয় পায় না। ইসলামের বিজয় সংখ্যা বা শক্তির মাধ্যমে আসে না, এটি আল্লাহর সাহায্যের মাধ্যমেই সম্ভব।”
তিনি আরও বলেন, “সারাদেশে বিশ্ববিদ্যালয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের কারণ হলো এই ছাত্ররা ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে তারা পাশে ছিল, যার কারণে শিক্ষার্থীরাও শিবির প্যানেলকে ভোট দিয়ে বিপুল বিজয় নিশ্চিত করেছে। শিক্ষার্থীরা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় রাখবে। মনে রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় থাকলে বদরের মতো বিজয় আসবে, ইনশাল্লাহ।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা কার্যালয়ে কাউখালী উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভা সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আমির মাওলানা নজরুল ইসলাম খান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন আমির টি এম রেজাউল করিমসহ জামায়াতে ইসলামী বিভিন্ন অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।