
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অপরাজেয় ৭১–অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বি. এম. ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
এর আগে গত সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস. এম. ফরহাদ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত এটি সর্বোচ্চ শাস্তি। বহিষ্কৃত শিক্ষার্থীর শ্রেণি রোল ৫৪, রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮ এবং তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। পাশাপাশি অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটিতে প্রেরণ করা হয়েছে।