মসজিদ চত্বর থেকে আল-আকসার ইমাম গ্রেপ্তার

ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি। ছবি: এক্স থেকে নেওয়া

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বর থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তারের কারণ এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাকে আটক করা হয়। এই তথ্য মসজিদ সূত্রে মিডল ইস্ট মনিটর জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদ চত্বরের ভেতর থেকে ইসরায়েলি পুলিশ কর্মকর্তা শেখ আব্বাসিকে গ্রেপ্তার করেন। তবে তার বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা গ্রেপ্তারের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

ফিলিস্তিনি কর্মকর্তারা এটিকে আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের বাড়াবাড়ির অংশ হিসেবে বর্ণনা করেছেন। সাম্প্রতিক সময়ে আল-আকসার ইমাম ও খতিবদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ এবং পুলিশের কড়া পাহারার মাধ্যমে ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের হার বৃদ্ধি পেয়েছে। জেরুজালেমের ওল্ড সিটি ও আল-আকসা চত্বরকে কেন্দ্র করে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় অধিকারকর্মীদের গ্রেপ্তার বা এলাকা ছাড়ার খবরও পাওয়া যাচ্ছে।