
৭০ বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের বাহা অঞ্চলের এক নারী, হামদাহ আল-গামেদী। প্রায় দুই দশকের নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের ফলেই তিনি এই মহৎ কাজ সম্পন্ন করতে সক্ষম হন—এ তথ্য জানিয়েছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আখবার২৪।
তরতীল সংগঠনের তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কোরআন কেন্দ্রের অধীনে দীর্ঘসময় ধরে ধারাবাহিকভাবে অংশ নেন হামদাহ। পারিবারিক দায়িত্ব, বয়সজনিত নানা শারীরিক অসুবিধা এবং ব্যস্ততার মাঝেও তার অধ্যবসায় কখনো শিথিল হয়নি। নিয়মিত উপস্থিতি ও অধ্যবসায়ের কারণেই তিনি শেষ পর্যন্ত পুরো কোরআন মুখস্থ করতে সক্ষম হন।
তার শিক্ষিকারা জানান, হামদাহ সত্যিকারের এক উদাহরণ—যিনি প্রমাণ করেছেন, কোরআন শিক্ষার পথে বয়স কোনো বাধা নয়।
হিফজ সম্পন্ন করার পর কেন্দ্রটির পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা হামদাহর নিষ্ঠা, ধৈর্য এবং অবিচল মনোভাবের প্রশংসা করেন।
বক্তারা বলেন, “কোরআন জীবনের আলো। যে আন্তরিক মন নিয়ে কোরআনের পথে আসে, বয়স যতই হোক, আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন।”
হামদাহ আল-গামেদীর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—বরং সকল বয়সের মানুষের জন্য এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।