
একটি বিশেষ সোনার টয়লেট নিলামে উঠছে, যা বিশ্বের সবচেয়ে দামি টয়লেট হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে।
শুক্রবার আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোথবি এ ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি খাঁটি সোনার ভাস্কর্য ‘আমেরিকা’ নিলামে তোলা হবে। এটি কেবল একটি শিল্পকর্ম নয়—পুরোপুরি ব্যবহারযোগ্য একটি টয়লেটও বটে। সোথবি জানিয়েছে, এই কাজটি মূলত ‘শিল্প ও বাণিজ্যিক মূল্যের ধারণাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে।’
উল্লেখ্য, এই সোনার টয়লেটটি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদ থেকে চুরি হওয়া আরেক সোনার টয়লেটের সঙ্গে বেশ মিল রয়েছে, যা তৎকালীন সময়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল।
নিলামটি নিউইয়র্কে ১৮ নভেম্বর শুরু হবে। টয়লেটটি তৈরি হয়েছে ১০১ কেজি ২০০ গ্রাম খাঁটি সোনা দিয়ে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ডলার।
সোথবির সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেন, ক্যাটেলান শিল্প জগতে অন্যতম প্রভাবশালী উসকানিদাতা। তিনি আরও উল্লেখ করেন, ক্যাটেলানের বিখ্যাত কাজ ‘কমেডিয়ান’—যা ছিল দেয়ালে লাগানো একটি কলা—গত বছর ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। আর ২০১৬ সালে ‘হিম’ নামের হিটলারের ভঙ্গিতে তৈরি ভাস্কর্যটি ক্রিস্টির নিলামে ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়।
শিল্পী মাউরিজিও ক্যাটেলান জানিয়েছেন, ‘আমেরিকা’ ভাস্কর্যটির উদ্দেশ্য হলো বিলাসিতা ও অতি সম্পদের প্রতি ব্যঙ্গাত্মক বার্তা দেওয়া।