
সদ্য দায়িত্ব থেকে অবসর নেওয়া স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যক্তিগত গানম্যান ও চালক তার শেষ কর্মদিবসের আগেই পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তার গানম্যান আগের দিনই জানিয়েছিলেন, নতুন সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে দায়িত্ব নিতে হলে আগে থেকেই অব্যাহতি নেওয়া প্রয়োজন। তিনি জানান, গানম্যান বলেছিলেন, “স্যার, যদি আজ আমাকে ছেড়ে দেন, আমি অন্য কোনো মন্ত্রীর সঙ্গে কাজ করতে পারব।” তিনি হাসিমুখে বলেন, “আমি বললাম, বিসমিল্লাহ বলে চলে যাও। আমার আর কোনো গানম্যান দরকার নেই।” একইভাবে তার গাড়িচালকও শেষ দিনেই অব্যাহতি নিয়েছেন। জাহাঙ্গীর আলম বলেন, তিনি দায়িত্ব শেষ হওয়ার পরও দেশে থাকবেন এবং আপাতত বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করে বিদায়ী উপদেষ্টা বলেন, এটি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হয়েছে। তিনি জাতীয় নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের পর সবচেয়ে বেশি দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর পড়েছিল এবং কর্মকর্তাদের ভূমিকার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, তিনি জীবনের ‘চতুর্থ কোয়ার্টার’ পার করছেন এবং বাকি সময় পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান। এজন্য সবার দোয়া কামনা করেছেন।
পরে এক ব্রিফিংয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতেও তারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন