তারেক রহমানের সঙ্গে আলোচনার পর জামায়াত আমিরের মন্তব্য

 

ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান তারেক রহমান। ছবি: বিএনপি

প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি অগ্রিম অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের এই আগমন জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা করছেন।

জামায়াত আমির বলেন, তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তিনি জানান, ১১–দলীয় জোটের সঙ্গে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় তারেক রহমান নির্বাচনের পর সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে জামায়াত আপসহীন থাকবে। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগে সমর্থন থাকলেও জবাবদিহির প্রয়োজন হলে দল সোচ্চার হবে। তিনি বলেন, তাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংশোধন; বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংসদ চায়, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করবে।