
বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত
বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে রবিবার (১৫ ফেব্রুয়ারি) নারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে।
আহতদের মধ্যে রয়েছেন—ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ণ সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মণ্ডল (৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায়সহ ১৫ জন।
পুলিশ জানিয়েছে, সকাল ১০টার দিকে ঢাকা থেকে খুলনার দিকে যাওয়া বিএম লাইন পরিবহন চলার সময় খুলনা থেকে মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে ছয়জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। আহতদের বেশিরভাগই রূপসী বাসের যাত্রী।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ ভেঙে গেছে। পরে বাস দুটো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রূপসী বাসের ব্রেক ফেল হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।