
সারা দেশের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দেশের বিভিন্ন এলাকায় এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। তাঁদের বাড়িঘর ও পরিবার হুমকির মুখে রয়েছে। যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক উত্তরণের শুরু যদি বিরোধী দল ও মতের মানুষের ওপর নিপীড়নের মাধ্যমে হয়, তবে তা লজ্জাজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে একই ধরনের অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন এনসিপির আরেক নেতা সারজিস আলম। তিনি বলেন, পঞ্চগড়-১ আসনে অন্তত ৩০টির বেশি স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে। অনেকেই আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান তিনি।
সারজিস আলম আরও লেখেন, তারা নতুন রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে রাজনীতিতে এসেছেন। পুরোনো প্রতিহিংসামূলক রাজনীতি বদলে নতুন ধারা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। ক্ষমতা স্থায়ী নয়—এ কথা মনে করিয়ে দিয়ে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বানও জানান তিনি।