বরগুনায় নারীর সম্ভ্রমহানির অভিযোগ

image 77

বরগুনার তালতলী উপজেলায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার তিন সহযোগীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, প্রেমের প্রলোভন দেখিয়ে ওই নারীকে বাড়িতে নিয়ে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারী বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি প্রেমিক মোঃ হিরন হাওলাদার রিপনসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করেন। ঘটনার সময়কাল হলো মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত। অভিযুক্ত হিরন হাওলাদার রিপন উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার মানিক হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ১৫-১৬ দিন আগে পটুয়াখালীর মহিপুর এলাকার একটি মাছের আড়তে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে হিরন হাওলাদার রিপনের পরিচয় হয়। পরে তিনি ওই নারীর ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে এবং বিভিন্ন সময়ে ফোনে কথা বলার সময় বিয়ের প্রস্তাব দেন।

এরপর ৩ ফেব্রুয়ারি বিকেলে হিরন ভুক্তভোগী নারীর সঙ্গে মহিপুর থেকে মোটরসাইকেলযোগে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় ফাঁকা বাড়িতে নিয়ে আসে। সেখানে রাতে ভীতিপ্রদর্শন ও জোরপূর্বক ধর্ষণ চালায়। পরে আরও তিন অজ্ঞাত ব্যক্তি রিপনের অনুমতিতে ওই নারীর ওপর একাধিকবার ধর্ষণ চালায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীকে উদ্ধার করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, “বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।”