জামায়াত ক্ষমতায় এলে পাকিস্তানি মিলিটারি কিশোরগঞ্জে অবস্থান করবে

image 65

ফজলুর রহমান: জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে পাকিস্তান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কিশোরগঞ্জ–৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশ আবার পাকিস্তানের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে পাকিস্তানি মিলিটারিরা বসবে। এই বিশজন মিলিটারি আর জামায়াতের রাজাকার-আলবদররা মিলে দেশটাকে পরাধীন করবে। তখন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেও পারবে না।”

ফজলুর রহমান আরও বলেন, “জামায়াত যদি কোনো কারণে ক্ষমতায় আসে, দেশটা পাকিস্তান হবে। তারা ১৯৭১ সালের মতো পরিস্থিতি সৃষ্টি করবে। ভোট দিয়ে দেশকে পাকিস্তান বানানো থেকে বিরত থাকুন, যাতে মা-বোনের সম্মান রক্ষিত থাকে।”

তিনি জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “তাদের জন্য ডিকশনারিতে তিনটি শব্দ আছে—বেতমিজ, বেয়াদব এবং বেইমান। তারা ভোটারদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে, যেমন মহিলাদের বোরকা পড়িয়ে, চকলেট ও বিস্কুট দিয়ে।”

সভায় ফজলুর রহমান ভোটারদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা এবং বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।