
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে ভয়াবহ সাইবার হামলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করে সেখান থেকে আপত্তিকর পোস্ট প্রকাশ করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩ ফেব্রুয়ারি এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। সম্প্রতি সম্মানিত আমীরে জামায়াতের এক্স অ্যাকাউন্টে হামলার পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
তিনি আরও বলেন, রাত আনুমানিক ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এই গুরুতর সাইবার অপরাধে জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
বার্তা প্রেরক:
মুজিবুল আলম
সিনিয়র প্রচার-সহকারী
কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী