আইডি হ্যাকের দাবি মিথ্যা: তারেক রহমান

image 45

আইডি হ্যাকের দাবি মিথ্যা, নারীদের অপমান করা চলবে না’: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্প্রতি একজন রাজনৈতিক নেতা কর্মজীবী নারী এবং মা-বোনদের অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। পরে তাদের দাবি, আইডি হ্যাক হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, আইডি এভাবে হ্যাক হতে পারে না। তিনি বলেন, এটি মানুষের কাছে মিথ্যা তুলে ধরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনার প্রভাতী স্কুলমাঠে নির্বাচনি জনসভায় তিনি আরও বলেন, দেশের প্রায় ১০ কোটি নারীর অবদানকে উপেক্ষা করে কোনো দেশ এগোতে পারে না। বিশেষ করে পোশাক শিল্পে কাজ করা নারীরা দেশের অর্থনীতি সচল রেখেছেন, অথচ তাদের অপমান করা হচ্ছে।

তারেক রহমান উল্লেখ করেন, ইসলামের ইতিহাসে হযরত বিবি খাদিজা (রা.) একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাই নারীদের কর্মজীবনকে কোনো ব্যক্তির অপমান করার অধিকার নেই।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে এবং তারা কারও মুখাপেক্ষী হবে না।

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের উন্নয়ন নিয়ে তারেক বলেন, একসময় জীবন্ত শিল্পনগরী খুলনাকে আবার সচল করা হবে। নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি, যুব সমাজের জন্য আইটি পার্ক ও আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা হবে, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।