
মাত্র ২ ঘণ্টার ব্যবধানে ভারতের দুই অঞ্চলে ৪.৬ মাত্রার ভূমিকম্প
মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ভারতের দুই অঞ্চলে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫:৩৫ মিনিটে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাত্তান এলাকা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে একইদিন ভোর আনুমানিক ৩:৩০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। অবস্থান ছিল উত্তর অক্ষাংশ ৯.০৩° এবং পূর্ব দ্রাঘিমাংশ ৯২.৭৮°।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সিসমিক জোন–৫-এ অবস্থান করছে, যা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা। অতীতে এই এলাকায় কয়েকটি বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস রয়েছে। বিশেষ করে ২০০৪ সালের ২৬ ডিসেম্বরের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত গভীর ভূমিকম্পের তুলনায় বেশি ক্ষতিকর হয়। কারণ অগভীর ভূমিকম্পে কম্পন দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ফলে ভূমি বেশি কাঁপে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ে।