
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সাইবার হামলার মাধ্যমে নারীবিদ্বেষী ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হয়েছিল, যা আমিরের বক্তব্য ও নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
জামায়াত সূত্র জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পরপরই অ্যাকাউন্টটি হ্যাক হয়। বিকেল ৪:৩০ মিনিটে একটি আপত্তিকর পোস্ট প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দলটির সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধার কাজে নামে। বিকেল ৫টার দিকে পুনরায় নিয়ন্ত্রণ ফিরে আসে এবং বিতর্কিত পোস্ট সরিয়ে নেওয়া হয়।
তবে স্বল্প সময়ের মধ্যে ওই পোস্টের স্ক্রিনশট ও কপি ছড়িয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। প্রশাসনের সহযোগিতা চেয়ে সোমবার মধ্যরাতেই থানায় জিডি করা হয়েছে।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, “হ্যাকড অবস্থায় দেওয়া পোস্টটি আমিরের চিন্তা ও পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।”
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সাইবার হামলায় সাময়িকভাবে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। দ্রুত পদক্ষেপের মাধ্যমে এটি উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য প্ল্যাটফর্মের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। মিথ্যা তথ্য ছড়ানো ও পরিচয় জালিয়াতি আইনগত ও নৈতিকভাবে নিন্দনীয়।”
জামায়াত গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করতে এবং শুধুমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য গ্রহণ করতে।