চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের জিরো টলারেন্স দাবি

image 281

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন নির্বাচনে তরুণরা তাদের ভোট সেই রাজনৈতিক শক্তিকে দেবে যারা তিনটি বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেবে। তিনি বলেন, যারা জুলাই বিপ্লব ও রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকবে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং যারা কথা ও কাজের মধ্যে মিল রাখবে, তরুণ প্রজন্ম তাদেরকেই সমর্থন জানাবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাই বিপ্লবের দেড় বছর পার হলেও দেশের রাজনৈতিক দলের বক্তব্য ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে মিল এখনও দেখা যায়নি। তরুণরা ভবিষ্যতের প্রতিশ্রুতির রাজনীতি নয়, বরং বাস্তবায়নের রাজনীতি দেখতে চায়।

ডাকসু ভিপি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবের চেতনা সবচেয়ে বেশি ধারণ করেছে। নতুন তারুণ্যের উত্থানকে রাষ্ট্র পরিচালনায় ক্ষমতায়নে রূপ দিতে দলটি ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি মনে করেন, এই তরুণ শক্তিই আগামীর বাংলাদেশ গঠনে মুখ্য ভূমিকা পালন করবে।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। সভার সভাপতিত্ব করেন নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং তরুণদের রাজনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।